হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান। গতকাল রবিবার দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছে বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদপ্তর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়া ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ আবদুল মজিদ খান।
এদিকে মিজানের মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা ফেইসবুকে তা ব্যাপকভাবে ছড়িয়ে দেন। শহরে আনন্দ মিছিল বের করেন।
হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক জি কে গউছ গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মেয়র পদ থেকে পদত্যাগ করেন। নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন। ইতিমধ্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন আগামী ২৪ জুন উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে।