গাজীপুরে ডিবি পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা

গাজীপুরে সন্ত্রাসীকে আটক করে নিয়ে আসার সময় হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

রবিবার রাত ১১টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী নতুন বাজার রেল গেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শীর্ষ সন্ত্রাসী সেলিমকে ধরতে টঙ্গী বিসিক এলাকায় অভিযান চালায়। গোয়েন্দা পুলিশ সেলিমকে আটক করে নিয়ে আসার পথে টঙ্গী নতুনবাজার রেলগেট এলাকায় শহীদ আহসান উল্লাহ মাষ্টার উড়াল সেতুর নিচে সেলিমের সহযোগীরা সড়ক অবরোধ করে ডিবি পুলিশের গাড়ি আটকে দেয়।

তারা জানান, একপর্যায়ে ডিবি পুলিশের গাড়িতে উপর্যুপরি ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করতে থাকে সন্ত্রাসীরা। পরে ডিবি পুলিশও কয়েক রাউন্ড গুলি করে সন্ত্রাসীদের সরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী শাকিল জানায়, ডিবি পুলিশের গুলিতে তিনজন আহত হয়। তাদের শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের কারো বক্তব্য পাওয়া যায়নি।

টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, ডিবি পুলিশ আসামি ধরে ফেরার পথে সন্ত্রাসীরা নতুনবাজার রেলগেট এলাকায় ডিবি পুলিশের গাড়িতে হামলা করেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।