একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) সচিবের দায়িত্বে থাকা হেলালুদ্দীন আহমদকে স্থানীয় সরকার বিভাগের সচিব করা হয়েছে। ইসিতে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা
শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর।
গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের (ভারপ্রাপ্ত সচিব) দায়িত্ব সামলে আসা মুনশী শাহাবুদ্দীন আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার বিভাগীয় কমিশনার কে এম আলী আজমকে বদলি করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে। সেখানে তিনি সচিবের দায়িত্ব পালন করবেন। আর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনাকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) করা হয়েছে।
পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সুবীর কিশোর চৌধুরীকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে। আর বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যানের (সচিব) দায়িত্ব পালন করে আসা শাহীন আহমেদ চৌধুরীকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে সদস্য হিসেবে।