লালমনিরহাটের হাতীবান্ধায় একাধিক মাদক মামলার আসামি আবুল কালাম আজাদকে দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। উপজেলার উত্তর জাওরানী গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, রোববার রাতে মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে ১২টার দিকে উপজেলার প্রাননাথ পাটিকাপাড়ায় মাদক উদ্ধার অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে আবুল কালাম আজাদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় পুলিশ ৬ রাউন্ড গুলি ছুড়লে অপর সহযোগীরা পালিয়ে গেলেও আবুল কালাম আজাদ দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের হাতে আটক হয়। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়।
কালাম উপজেলার উত্তর জাওরানী গ্রামের সামসুল হকের ছেলে। তার নামে মাদকের ৬টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
গুলিবিদ্ধ কালাম হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।