পাঁচ দিন বয়সের এক কন্যা শিশুকে ফেলে পালিয়েছে তার মা। বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
শিশুটি বর্তমানে হাসপাতালের নবজাতক ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তারা শিশুটিকে বরিশালের আগৈলঝাড়ায় বিভাগীয় ছোটমনি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
শের-ই বাংলা মেডিকেলের নবজাতক ইউনিটের নার্সিং ইনচার্জ মাহফুজা বেগম জানান, মঙ্গলবার মানসুরা নামে এক প্রসুতি নারী গাইনী ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন।
শিশুটি অসুস্থ থাকায় নবজাতককে ইউনিটে প্রেরণ করা হয়। পরে এই সুযোগে হাসপাতাল থেকে পালিয়ে যায় তার মা মানসুরা।
নার্সিং ইনচার্জ মাহফুজা বেগম আরো জানান, মানসুরা ভর্তির সময় গ্রামের বাড়ির ঠিকানা দিয়েছিল বাবুগঞ্জের মীরগঞ্জ গ্রাম। স্বামীর নাম না দিয়ে পিতার নাম দিয়েছিল আহম্মেদ আলী। তবে তার দেওয়া নাম ঠিকানা সঠিক নয় বলে জানিয়েছে সমাজসেবা বিভাগ।
হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা দিলরুবা আক্তার রইচি জানান, তাই শিশুটিকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আগৈলঝাড়া বিভাগীয় ছোটমনি নিবাসে পাঠানোর প্রক্রিয়া চলছে।