জাতিসংঘের এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন-এসকাপ) বার্ষিক সম্মেলন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয়েছে।
সেখানে অংশ নেওয়া বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান রোহিঙ্গাদের সসম্মানে নিজ ভূমিতে ফেরাতে জাতিসংঘের সহায়তা চেয়েছেন।
তিনি বলেন, মিয়ানমার ১০ লক্ষাধিক লোক আমাদের দেশে ঠেলে দিয়েছে। তাতে বাংলাদেশের ওপর অর্থনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টি হচ্ছে। আমরা সাময়িকভাবে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছি।
আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আহ্বান জানিয়েছি, তারা যাতে রোহিঙ্গাদের সসম্মানে নিজেদের ভিটেমাটিতে ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি করতে ভূমিকা রাখে। তারা বিষয়টা দেখবে বলে আশ্বস্ত করেছে। মন্ত্রী বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে। মাথাপিছু আয় বাড়ছে, জিডিপির প্রবৃদ্ধিও বাড়ছে। সাক্ষরতার হার বেড়েছে। তিনি বলেন, মাতৃ ও শিশু মৃত্যুহার কমেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতার মাধ্যমে আমরা সামনের দিনে আরও এগিয়ে যেতে চাই। থাই রাজকুমারী মাহা চাকরি সিরিনধ্রম বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএন-এসকাপের নির্বাহী সেক্রেটারি আরমিদা সালসিয়াহ আলিসজাবানা। অধিবেশনে যোগ দিতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নেতৃত্বে বাংলাদেশের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল রবিবার সকালে ঢাকা ত্যাগ করে। প্রতিনিধিদলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদও রয়েছেন। আগামী ৩১ মে মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।