সেবা খাতে রপ্তানি আয় বেড়েছে বাংলাদেশের। চলতি অর্থবছরের নয় মাসে (জুলাই ’১৮-মার্চ ’১৯) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৪ শতাংশ বেশি রপ্তানি আয় হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে গতকাল সোমবার এ তথ্য উঠে এসেছে। এ সময় সেবা খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৪৩১ কোটি ৭২ লাখ ডলার।
ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের মার্চে সেবা খাতে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় ৩৬ দশমিক ০৩ শতাংশ বেড়ে হয়েছে ৪৯ কোটি ৩১ লাখ ৭০ হাজার ডলার। আর মার্চে সেবা খাতে কৌশলগত লক্ষ্য ছিল ৪১ কোটি ৬৬ লাখ ডলার। সে হিসেবে লক্ষ্য থেকে আয় বেড়েছে ১৮ দশমিক ৩৬ শতাংশ।
ইপিবির তথ্য অনুসারে, অর্থবছরের নয় মাসে গুডস প্রকিউরড ইন পোর্টস বাই ক্যারিয়ারস, গুডস সোল্ড আন্ডার মার্চেন্টিং ও সার্ভিসেসÑ এ তিনটি ভাগ থেকে মোট আয় হয়েছে ৪৩১ কোটি ৭২ লাখ ডলার। ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ২৯৯ কোটি ৭৮ লাখ ডলার। আর লক্ষ্যমাত্রার চেয়ে সেবায় রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ১৩ শতাংশ। জুলাই-মার্চ সময়ে বিভিন্ন ধরনের সেবা রপ্তানি খাতে লক্ষ্যমাত্রা ছিল ৩৭৫ কোটি ডলার। রপ্তানির এ আয়ের মধ্যে সরাসরি সেবা খাত থেকে এসেছে ৪২২ কোটি ৯৯ লাখ ডলার। বাকিটা দেশের বন্দরগুলোতে পণ্যবাহী জাহাজগুলোর কেনা পণ্য ও সেবা এবং মার্চেন্টিংয়ের অধীনে পণ্য বিক্রির আয়।
অন্য উপখাতগুলোর মধ্যে ‘অন্যান্য ব্যবসায় সেবা’ থেকে ৭১ কোটি ২৯ লাখ ডলার, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি থেকে ৪২ কোটি, বিভিন্ন ধরনের পরিবহন সেবা থেকে ৫১ কোটি ৩০ লাখ, বীমা ছাড়া আর্থিক সেবা খাত থেকে ৯ কোটি ১৪ লাখ এবং ভ্রমণ সেবা থেকে ২৭ কোটি ৯৫ লাখ ডলার রপ্তানি আয় হয়েছে।
বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া সেবাপণ্যের মধ্যে রয়েছে ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস অন ফিজিক্যাল ইনপুটস, মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার, ট্রান্সপোর্টেশন, কনস্ট্রাকশন সার্ভিসেস, ইন্স্যুরেন্স সার্ভিসেস, ফিন্যান্সিয়াল সার্ভিসেস, চার্জেস ফর দ্য ইউজ অব ইন্টেলেকচুয়াল প্রপার্টি, টেলিকমিউনিকেশন সার্ভিসেস, আদার বিজনেস সার্ভিসেস, পার্সোনাল-কালচার-রিক্রিয়েশনাল ও গভর্নমেন্ট গুডস অ্যান্ড সার্ভিসেস।