রাজশাহীর বাঘা উপজেলার একটি লিচু বাগান থেকে সাইদুল ইসলাম নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঝিনা মিস্ত্রিপাড়া গ্রামের ওই বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাইদুল ইসলামের মামা রেজাউল ইসলামের দাবি, বাগানমালিক তহির উদ্দিনসহ কয়েকজন মিলে পরিকল্পিতভাবে সাইদুলকে হত্যা করে লাশ বাগানের মধ্যে ফেলে চলে গেছে।
নিহত সাইদুলের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ঝিনা মিস্ত্রিপাড়া গ্রামের জামরুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২২) রবিবার সন্ধ্যায় স্থানীয় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। গভীর রাতে বাড়ির পাশে তহির উদ্দিনের লিচু বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, তহির উদ্দিনের কাছ থেকে তার ভাতিজা আবু সুফিয়ান রনি ৬ হাজার টাকার চুক্তিতে লিচু বাগান ইজারা নেয়। বাদুড়ের আক্রমণ থেকে লিচু বাঁচাতে চিকন তার দিয়ে ফাঁদ তৈরি করে রনি। ওই ফাঁদে রাতে সে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখত। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের ওই ফাঁদে জড়িয়ে সাইদুলের মৃত্যু হয়েছে।