প্রধানমন্ত্রীর চোখের অবস্থা ভালো

রাজধানীর বেসরকারি ‘দ্বীন মোহাম্মদ আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে’ চক্ষু পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে চোখের অপারেশনের পর গতকাল সোমবার প্রধানমন্ত্রী সোবহানবাগের ওই হাসপাতালে অপারেশন-পরবর্তী চক্ষু পরীক্ষা করান। হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. আশরাফুল আলম খোকন এ কথা জানান। অপারেশনের পর প্রধানমন্ত্রীর চোখ এখন ভালো আছে বলে জানিয়েছেন দুজনই।

এ ব্যাপারে অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক দেশ রূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রীর চোখের অবস্থা ভালো। লন্ডনে অপারেশনের পর দেশে চলে এসেছেন। অপারেশন-পরবর্তী পরীক্ষা করা হয়েছে। চোখের সার্বিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এই চিকিৎসক বলেন, প্রধানমন্ত্রীকে দুটি চশমা দেওয়া হয়েছে। একটি কম্পিউটারে কাজ করার জন্য, অন্যটি রিডিং গ্লাস। সকাল ৯টায় এসেছিলেন। ১০টায় গেছেন।

এ ব্যাপারে আশরাফুল আলম খোকন বলেন, দ্বীন মোহাম্মদ আই হসপিটালে প্রধানমন্ত্রীর চোখের গ্লুকোমা পরীক্ষা করা হয় এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়। ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হকের

নেতৃত্বে চার সদস্যের বোর্ড প্রধানমন্ত্রীর চক্ষু পরীক্ষা করেন। প্রধানমন্ত্রী দ্বীন মোহাম্মদ নুরুল হক আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোগে এরকম হাসপাতাল আরও গড়ে ওঠা প্রয়োজন।’

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, গত ১ মে লন্ডনে গিয়ে সেখানে চোখে অপারেশন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশে ফেরার পর গতকাল সেই অপারেশনের ফলোআপ করেন চিকিৎসকরা।

এর আগে চোখের সমস্যায় গত ১৯ এপ্রিল সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরে মায়ের নামে স্থাপিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ৫ টাকার টিকিট সংগ্রহ করে চোখ, নাক, কান ও গলাসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন সময় সাধারণ রোগীদের মতো চিকিৎসা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।