কাল বাদেই শুরু হয়ে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চের ময়দানি লড়াই। প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে যাচ্ছে দলগুলো। বিশ্বকাপের ঠিক আগে ভারত দলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন চেলসির ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দাভিদ লুইস।
নিজে ক্রিকেটার হলেও ফুটবল দারুণ প্রিয় টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির। দিন-দুয়েক আগে লর্ডস ক্রিকেট স্টেডিয়ামের বাইরে টটেনহ্যাম হটস্পারের তারকা হ্যারি কেনের সঙ্গে তার একটি সেলফি ভাইরাল হয়। প্রিয় ক্রিকেট তারকার সঙ্গে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক লেখেন- “বেশ কিছু টুইট চালাচালির পর অবশেষে বিরাট কোহলির সঙ্গে সাক্ষাতের সুযোগ হল। দারুণ মানুষ একইসঙ্গে দুর্দান্ত স্পোর্টসম্যান।” প্রত্যুত্তরে কেনকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য শুভেচ্ছা জানান কোহলি।
এবার বিশ্বকাপের জন্য কোহলির কাছে বার্তা ভেসে এল প্রিয় ক্লাব চেলসি থেকে। এক ভিডিওবার্তায় ক্রিকেটের মেগা ইভেন্টের জন্য প্রিয় ক্রিকেটার কোহলিকে শুভেচ্ছা জানালেন চেলসি ডিফেন্ডার লুইস। পাশাপাশি ভারতীয় দলকেও শুভেচ্ছা জানিয়েছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। জানালেন, শুরু হতে যাওয়া বিশ্বকাপে কোহলির দলকেই সমর্থন করবেন তিনি।
২০১৪ ভারতীয় দলের ইংল্যান্ড সফর চলাকালীন প্রিয় ক্লাব চেলসিতে যান কোহলি। এরপর নিজের নাম খোদাই করা চেলসির জার্সি হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন ভারত অধিনায়ক। লন্ডনের ক্লাবের প্রতি বিরাটের ভালোবাসার সঙ্গে পরিচিত হন অনুরাগীরা। তাই অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপে নামার আগে প্রিয় ক্লাবের ফুটবলারের স্পেশ্যাল ভিডিওবার্তা ভারত অধিনায়ককে যে উদ্বুদ্ধ করবে, তা বলার অপেক্ষা রাখে না।