বিএনপির রুমিন বেসরকারিভাবে নির্বাচিত

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার ইসির যুগ্ম সচিব ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এ ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের

 বলেন, যেহেতু গত ২১ মে যাচাই-বাছাইয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধতা পায় এবং প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাই তিনি বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দুই-এক দিনের মধ্যেই এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। এরপর তার শপথ অনুষ্ঠিত হবে। সংসদের সংরক্ষিত আসনে বিএনপির একমাত্র সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করবেন রুমিন।

সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন আইন অনুযায়ী বিএনপিকে একটি আসন বণ্টন করে দিয়ে নির্বাচনের তফসিল দেয় ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২০ মে। মনোনয়নপত্র বাছাই ছিল ২১ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৮ মে। আর ভোট হওয়ার কথা ছিল আগামী ১৬ জুন।