মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

চার ক্যাটাগরির মুক্তিযোদ্ধাদের ভাতা অব্যাহত থাকবে

মহানগর বা উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি অনেক মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিত করলেও চার ক্যাটাগরির মুক্তিযোদ্ধাদের ভাতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। স্থগিত হওয়া মুক্তিযোদ্ধা ভাতা সচলে ৩০ জুনের মধ্যে আপিল আবেদনও করতে বলেছে মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘(১)

ভারতীয় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা, (২) লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা (যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই), (৩) বেসামরিক ও (৪) বাহিনী গেজেট তালিকার মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা অব্যাহত থাকবে।’ এতে আরও বলা হয়, ‘বেসামরিক গেজেটের মধ্যে রয়েছে বেসামরিক গেজেট, মুজিবনগর, বিসিএস ধারণাগত জ্যেষ্ঠতাপ্রাপ্ত কর্মকর্তা, বিসিএস, স্বাধীন বাংলা বেতার শব্দ সৈনিক, বীরাঙ্গনা, স্বাধীন বাংলা ফুটবল দল, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন বিশেষ  গেরিলা বাহিনী ও বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়োজিত বা দায়িত্বপালনকারী মুক্তিযোদ্ধা গেজেট। বাহিনী গেজেটের মধ্যে রয়েছে সেনা, বিমান ও নৌবাহিনী গেজেট, নৌ-কমান্ডো, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী গেজেট।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানায়, গত ২৪ এপ্রিলের পরিপত্রের আলোকে মহানগর বা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি ‘নামঞ্জুরকৃত’ ব্যক্তিদের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা স্থগিত করা হয়েছে। যাদের সম্মানী ভাতা স্থগিত করা হয়েছে, তারা বা তাদের উত্তরাধিকারীরা মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা সচল রাখতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর থেকে বা মন্ত্রণালয়ের ওয়েবসাইট সড়ষধি.মড়া.নফ থেকে নির্ধারিত আপিল আবেদন ফরম সংগ্রহ করবেন। তা আগামী ৩০ জুনের মধ্যে ইউএনওর কাছে জমা দিতে হবে। বিস্তারিত জানতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণায়ের ওয়েবসাইট দেখারও অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৭-১৮ অর্থবছরে ভাতা দেওয়ার দলিল অনুযায়ী, মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় ১ লাখ ৮৬ হাজার। বর্তমানে সাধারণ মুক্তিযোদ্ধারা প্রতি মাসে ভাতা পান ১০ হাজার টাকা। দুটি উৎসব ভাতাও পেয়ে থাকেন তারা।