বাংলাদেশকে অবজ্ঞা করে টুইট করে বিতর্কে জড়ালেন সঞ্জয় মাঞ্জরেকার। কার্ডিফে মঙ্গলবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছে ৯৫ রানে। ম্যাচ চলাকালেই বাংলাদেশকে খাটো করে টুইট করেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার।
মঙ্গলবার ম্যাচটি বাংলাদেশ হেরেছে ৯৫ রানে। আগে ব্যাট করে ভারত ৭ উইকেটে ৩৫৯ রান করে। জবাবে বাংলাদেশ থেমেছে ২৬৪ রানে।
প্রস্তুতি ম্যাচ। তাই এ ম্যাচের ফল নিয়ে বাংলাদেশের কোনো ভাবনা ছিল না। বিশেষ করে বোলিংয়ে সবাইকে ঝালিয়ে নিতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ম্যাচের পর সেটি বলেছেনও।
ভারত অবশ্য ব্যাটিং প্রস্তুতিটা দারুণ ভাবে সেরেছে। লোকেশ রাহুল ১০৮ রান করেন। মহেন্দ্র সিং ধোনি করেন ১১৩ রান। ভারতের ইনিংস চলাকালেই মাঞ্জরেকার টুইটে লিখেন, ‘‘ইনিংস ঘোষণা করতে বিরাট কোহলি এখনো এতটা সময় নিচ্ছে কেন!’’
বাংলাদেশকে অবজ্ঞা করে করা এই টুইট ভালোভাবে নেয়নি বাংলাদেশিসহ ভারতীয় ক্রিকেট ভক্তরাও। একজন যেমন লিখেন, ‘‘কারণ সে (কোহলি) ক্রিকেট বোঝে।’’
আরেকজন যেমন লিখেছেন, ‘‘এমন নিকৃষ্ট টুইট আমি জীবনে দেখিনি।’’ অনেকে বিশ্বকাপে ধারাভাষ্য প্যানেল থেকেও মাঞ্জরেকারকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।