জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। তবে এখন তার সবচেয়ে বড় পরিচয় একজন ক্রিকেট উপস্থাপিকা। বাংলাদেশ থেকে প্রথম কেউ ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ও জমজমাট আসর আইসিসি ওয়ার্ল্ড কাপ সরাসরি মাঠ থেকে উপস্থাপনা করবেন। তার এই উপস্থাপনা দেখা যাবে তিনটি মাধ্যমে। টেলিভিশনে দেখা যাবে ‘জিটিভি’ আর অনলাইনে ‘র্যাবিটহোল স্পোর্টস’ ও ‘বায়োস্কোপে’। তিনি এখন ইংল্যান্ডে, বিশ্বকাপ ক্রিকেট উপস্থাপনার জন্য তৈরি হচ্ছেন। যাওয়ার আগে ফোনে কথা হয় তার সঙ্গে। পিয়া জান্নাতুলের কণ্ঠে টান টান উত্তেজনা, ‘বাংলাদেশ থেকে প্রথমবারের মতো যাচ্ছি, তাই অনেক এক্সাইটেড। এই সুযোগটা যে এত তাড়াতাড়ি আসবে আমি বুঝতে পারিনি।’
এর আগে বিপিএল চলাকালীন বলেছিলেন আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে নিয়ে যাওয়ার কথা। বিপিএলের চার মাস না যেতেই বিশ্বকাপের মতো বড় মঞ্চে পিয়ার সুযোগটা এসেই গেল। তিনি চেয়েছিলেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ থেকে কেউ যাক। পিয়া বলেছিলেন, ‘ক্রিকেট এমন একটা জায়গা যে মানুষ উপভোগ করছে। আমরা নিজেরাও উপভোগ করি। তাই যেতে তো হবেই? এবং সঙ্গে সঙ্গে আমি চাই, ইন্টারন্যাশনালি এখান থেকে ক্রিকেটে কেউ প্রেজেন্টার হিসেবে যায়নি, আমি চাই এটা কাভার হোক।’
তার সেই আশাও পূরণ হয়েছে। বাংলাদেশ থেকে সেই সুযোগটা প্রথম পেয়েছেন পিয়াই। এ জন্য তিনি অনেক এক্সাইটেড, কেননা বাংলাদেশ থেকে পিয়ার মাধ্যমেই আইসিসি ক্রিকেটের সবচেয়ে বড় এই মঞ্চে দেখা যাবে কোনো উপস্থাপিকাকে।
এর আগে বিপিএলে পিয়া জান্নাতুলের উপস্থাপনা নিয়ে নানা সমালোচনা হয়েছিল। তার ড্রেসআপ থেকে শুরু করে সরাসরি অনুষ্ঠানে তার নানা কথা দিয়ে ট্রল হতো। তখন জিজ্ঞেস করার পর মডেলিং থেকে উপস্থাপনায় আসা পিয়া বলেছিলেন, ‘ট্রলকারীরা পিছিয়েই থাকবেন, ৫ বছর পর দেখবেন পিয়া ইন্টারন্যাশনাল প্রেজেন্টার।’ তবে পিয়ার কথা অনুযায়ী পাঁচ বছরও লাগেনি। মাত্র চার মাসের মধ্যেই দেখা পেলেন সেই স্বপ্নচূড়ার। এজন্য ট্রলকারীদের ধন্যবাদ দিয়ে পিয়া বলেন, ‘যারা ট্রল করার তারা ট্রল করে যাবে, এখন আমি ইন্টারন্যাশনালি হোস্টিং করব। আমাকে যারা ট্রল করে তাদের মোস্ট ওয়েলকাম।’ তার মতে ‘সব কিছু বাদ দিয়ে যখন আমাকে নিয়ে কথা বলে, তখন আমার ভালো লাগে, অনেক ভালো লাগে।’