মুক্তির আগেই প্রশংসিত ‘আবার বসন্ত’

পর্দায় ইমরান চৌধুরী ও তার প্রেমিকা তিথি মোস্তফার রসায়ন চলছে, দর্শক সারিতে চলছে করতালি ও শিস। ৬৫ বছর বয়সী ইমরান চৌধুরীর সঙ্গে ২৫ বছর বয়সী তিথির প্রেম দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। প্রেম যে বয়স মানে না তার সত্যিকার প্রমাণ পাওয়া গেল সিনেমাটিতে। আসছে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ছবিটি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান ও অর্চিতা স্পর্শিয়া। ছবিতে তারিক আনাম খানের নাম ইমরান চৌধুরী আর স্পর্শিয়া তিথি মোস্তফা চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির মুক্তি উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় বলাকা সিনেমা হলে হয়ে গেল প্রিমিয়ার। সেখানেই প্রেম রসায়নের বিভিন্ন সূত্র দেখে মুগ্ধ হয়েছেন উপস্থিত দর্শক। সিনেমাটি দেখতে এসেছিলেন টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের তারকারা। বিরতিহীনভাবেই শেষ হয় ছবিটি। এ সময় উপস্থিত ছিলেন তারিক আনাম খান, অর্চিতা স্পর্শিয়াসহ চিত্রনায়ক ড্যানি সিডাক, সাইমন সাদিক, নিরব, আইরিন, বিপাশা কবির, জলি, চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি, সাঞ্জু জন, আঁচল, আঁখি, কচি খন্দকারসহ অনেকে।