বলিউডে একসময় জোর গুঞ্জন ছিল, সুপারস্টার সালমান খানের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। যদিও সেই সম্পর্কে ছেদ পড়েছে। তবে বিচ্ছেদ হলেও এখনো গভীর বন্ধুত্ব দুজনের। খান পরিবারে অবাধ যাতায়াত ক্যাটরিনার। ভক্তরা চান, বিয়ের পিঁড়িতে বসুন সালমান-ক্যাটরিনা। তবে সম্প্রতি বলিউড ভাইজান স্পষ্ট করেই বললেন, ক্যাটরিনা তাকে ফিরিয়ে দিয়েছেন। আর মাত্র কয়েক দিন পরেই মুক্তি পাচ্ছে এই জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভারত’। দুজনেই এখন ছবির প্রচারণায় ব্যস্ত রয়েছেন। সম্প্রতি জনপ্রিয় কৌতুক অনুষ্ঠান ‘দি কপিল শর্মা শো’তে উপস্থিত হন সালমান ও ক্যাটরিনা। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি টিভি উপস্থাপিকা ও অভিনেত্রী অর্চনা পূরণ সিং। আলাপ চলাকালে অর্চনা বলেন, ক্যাটরিনা কঠোরভাবে ডায়েট করেন। একবার তো তরল স্মুদিও প্রত্যাখ্যান করেছিলেন।
সঙ্গে সঙ্গে সালমান খান বলে ওঠেন, ‘আপনি স্মুদি নিয়ে কথা বলছেন? ও তো আমাকেও রিফিউজ করেছে।’ সালমানের এমন মন্তব্যে সজোরে হেসে ওঠেন উপস্থিত সবাই।
সুপারস্টারের মন্তব্যে উপস্থিত সবাই হেসে উঠলেও এখনো এটা পরিষ্কার নয়, সালমান সত্যিই কৌতুক করে বলেছেন কি না। একই পর্বে সালমানের বিবাহ পরিকল্পনা সম্পর্কেও বলেন ক্যাটরিনা কাইফ।