জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ। বিএনপি দিবসটিকে দলের প্রতিষ্ঠাতার শাহাদাতবার্ষিকী হিসেবে পালন করে। এ উপলক্ষে আজ ৩০ মে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার কবরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এর আগে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছিলেন। এর অংশ হিসেবে গতকাল বুধবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছিল।

দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি বিভিন্ন গণমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র ছাপিয়েছে। সারা দেশে পোস্টার বিলি করেছে। গণমাধ্যমে বাণী দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন করবেন।

জিয়াউর রহমান ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনা কর্মকর্তার হাতে নিহত হন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিয়া। ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন তিনি। বীরউত্তম জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক।