জয়পুরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রনি বাবু (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে পাঁচবিবি রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি।

নিহত যুবক পাঁচবিবি উপজেলার বালিঘাটা চাতাল পাড়া এলাকার আহাদ আলী মন্ডেলের ছেলে।

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে পাঁচবিবি রেলস্টেশন এলাকায় ধারালো অস্ত্র দ্বারা কয়েকজন দুর্বৃত্ত রনির শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে চিনতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। গুরতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরবর্তীতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তরের পর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেলে নেওয়ার পথে বৃহস্পতিবার ভোরে মারা যান।

এদিকে পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে রনির বাড়ি থেকে তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ বজলার রহমান বলেন, “আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যেহেতু রেলস্টেশনে ঘটনা সেহেতু এটি জিআরপি পুলিশের অধীনে। এখনো আমাদের কাছে লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।