ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারালেও খেই হারায়নি ইংল্যান্ড। দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিচ্ছিলেন জেসন রয় ও জো রুট। দুই জনই পেয়েছেন অর্ধশতকের দেখা। কিন্তু এরপর আর তাদের দাঁড়াতে দিলো না দক্ষিণ আফ্রিকা। পর পর দুই ওভারে দুই সেট ব্যাটসম্যানকে উইকেট ছাড়া করে দারুণভাবে ম্যাচে ফিরেছে দলটি।
লন্ডনের কেনিংটন ওভালে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ইনিংসের দ্বিতীয় বলেই হারায় ওপেনিং ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে। প্রোটিয়া স্পিনার ইমরান তাহিরের বলে রানের খাতা খোলার আগেও কট বিহাইন্ড হন তিনি।
তিন নম্বরে নামা রুটকে নিয়ে শুরুর ধাক্কা ভালোভাবে কাটিয়ে তোলেন অপর ওপেনার রয়। সাবধানী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তারা। ৫১ বলে সাত চারে অর্ধশতক পূর্ণ করেছেন রয়; ৫৬ বলে পাঁচ চারে অর্ধশতকের দেখা পান রুট। ১৮ ওভার শেষে ইংল্যান্ডের রান দাঁড়ায় এক উইকেটে ১০২।
অর্ধশতক হাঁকানোর পর আর চার রান করতেই উইকেট ছাড়া হন রয়। আন্দিলে ফেলুকোয়ায়োর করা উনিশতম ওভারের দ্বিতীয় বলে মিডঅফে দু প্লেসির হাতে ধরা পড়েন তিনি।
কাগিসোর রাবাদার করা পরের ওভারের প্রথম বলেই উইকেট ছাড়া হন ৫৯ বলে ৫১ রান করা রুট। ২১ ওভার শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ১১৫।