আশুলিয়ার শ্রীপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্দুল আলিম ওরফে গেদু রাজ বাহিনীর অত্যাচার থেকে নিস্তার পেতে এবং তার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় পোস্টার ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেয় শতাধিক নির্যাতিত এলাকাবাসী।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, জমি দখল, শ্লীলতাহানি, ধর্ষণ ও চাঁদাবাজিসহ নানা অপকর্মের মাধ্যমে গেদু মানুষকে হয়রানি করে আসছে। পুলিশ জানায়, তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।