বরাবরের মতো এবারও শোলাকিয়া ঈদগাহসহ পুরো কিশোরগঞ্জ শহর চার স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে। ঈদ জামাতে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় আমাদের পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে। গতকাল বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ শোলাকিয়া ঈদগাহ পরিদর্শন শেষে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন। তিনি আরও বলেন, পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশের সকল বাহিনী নিরাপত্তা দায়িত্ব পালন করবে। পাশাপাশি র্যাব-বিজিবিও নিরাপত্তার দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।
এবারও বাংলাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। এবারের জামাত হবে ১৯২তম ঈদ জামাত। ঈদের দিন সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে শোলাকিয়া ঈদ জামাতে দূরের মুসল্লিদের জামাত আদায় করার সুবিধার্থে অন্যান্য বারের মতো এবারও ঈদের দিন দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। পরিদর্শনের সময় পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।