গাজীপুরে কথিত বন্দুকযুদ্ধে দুই ছিনতাইকারী নিহত হওয়ার খবর দিয়েছে র্যাব। র্যাব বলছে, বুধবার মধ্যরাতে টঙ্গী বাজার সংলগ্ন টঙ্গী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম ব্লেড বাবু (২৮) ও ন্যাংড়া নান্নু (৩০) বলে জানালেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। র্যাব-১-এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, ‘একদল ছিনতাইকারী টঙ্গী ব্রিজের ওপর অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই করছিল। র্যাব-১ সদস্যরা এগিয়ে গেলে ছিনতাইকারীরা ব্রিজের নিচে চলে যায়। এক পর্যায়ে র্যাব তাদের পিছু নিয়ে ব্রিজের নিচে গেলে ছিনতাইকারীরা গুলি ছুড়ে। পরে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় ছিনতাইকারী দলের সদস্য ব্লেড বাবু ও ন্যাংড়া নান্নু গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়।’ তিনি জানান, পরে গুলিবিদ্ধ দুজনকে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাব-১-এর এএসআই সাইফুল ইসলাম, সৈনিক মো. কামরুল ইসলাম ও মো. রাকিব আহত হয়েছেন বলে দাবি বাহিনীটির। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি পিস্তল, দুটি সুইচগিয়ার, দুটি চাকু, দুটি ছুরি, সাতটি মোবাইল ফোন ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
টঙ্গী থানার ওসি কামাল হোসেন বলেন, ‘এই ছিনতাইকারীদের পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে। তারা অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির, ধরতে গেলেই চাকু ও ব্লেড দিয়ে আঘাত করে পালিয়ে যেত।’ তিনি জানান, এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে মামলা হয়েছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।