ঈদযাত্রার শঙ্কা উদ্বেগ কেটে গেছে : কাদের

ঈদযাত্রা নিয়ে কোনো শঙ্কা নেই মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শঙ্কা, উদ্বেগ ও আশঙ্কা যা ছিল সেটা কেটে গেছে। রাস্তায় সমস্যা নেই, সমস্যা শুধু যানবাহনের শৃঙ্খলায়। গতকাল বৃহস্পতিবার তেজগাঁও সড়ক ভবনে ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতকল্পে করণীয় শীর্ষক এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এবার একটা সমস্যা হবে গাজীপুর থেকে বিমানবন্দর সড়কে। এ রাস্তায় বিআরটিএর কাজ চলছে। গাজীপুরের মেয়রকে অনুরোধ করেছি, ঈদে তিনি সেখানে ৩০০ স্বেচ্ছাসেবক নিযুক্ত করবেন। এই অংশ ছাড়া বাংলাদেশের আর কোথাও সমস্যা হবে না।

ঈদের সময় চার লেনের রাস্তায় দুই লেনের সেতুতে বিঘœ সৃষ্টি হয় উল্লেখ করে তিনি বলেন, মেঘনা-গোমতী সেতু খুলে দেওয়ার পর এখন মানুষ সাড়ে তিন থেকে চার ঘণ্টায় চট্টগ্রাম যেতে পারে। এখন উত্তর জনপদেরও পুরনো সেই সমস্যাগুলো নেই।

মন্ত্রী বলেন, গাবতলী সেতুটি নির্মাণ করা এখন জরুরি হয়ে পড়েছে। এটা আরও আগেই করা উচিত ছিল। বিএনপি চেয়ারপারসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অহেতুক রাজনীতি করবেন না। নেতাকর্মীদের চাঙ্গা করতে বিএনপি বিভিন্ন কথা বলে আসছে।

ঈদ উপলক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের রাত জেগে, প্রয়োজনে ঈদের দিন সড়কে থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের বাড়ি ফেরা নিরাপদ করবেন। এটা আপনাদের দায়িত্ব। ঈদের সময় লক্কড়-ঝক্কড় গাড়ি সড়কে না নামানোর অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, আমি বাস মালিকদের অনুরোধ করব, আপনারা এসব বন্ধ করবেন। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামিয়ে যানজট সৃষ্টি করবেন না। এ সময় সেতু সচিব নজরুল ইসলামসহ সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।