মিয়ানমারের রাখাইন রাজ্যে নৃগোষ্ঠীগুলোর বিরুদ্ধে দেশটির সেনারা নতুন করে যুদ্ধাপরাধে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নতুন এক প্রতিবেদনে সেনাদের বিরুদ্ধে এমন অভিযোগ করে সংস্থাটি। লন্ডনভিত্তিক অ্যামনেস্টির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বৌদ্ধ গেরিলাদের একটি সংগঠনের বিরুদ্ধে অভিযানের মধ্যে মিয়ানমারের সেনারা বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও নির্বিচার গ্রেপ্তার করছে। তবে মিয়ানমার সেনাবাহিনী সে অভিযোগ অস্বীকার করেছে।
এর আগে ২০১৭ সালে সেনাদের বিরুদ্ধে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ ওঠে। সেনাদের নির্যাতনের মুখে প্রাণভয়ে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আসে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা। এর রেশ না কাটতেই সংঘাতপীড়িত রাজ্যে এ বছর নতুন করে অভিযানে নামে সেনা সদস্যরা। বিদ্রোহী আরাকান আর্মিকে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ আছে তাদের প্রতি।
পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বেশ কিছু নৃগোষ্ঠীর বসবাস। এর মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনরা সংখ্যাগরিষ্ঠ। গত বুধবার প্রকাশিত অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, ‘নির্বিচার হামলায়’ বেসামরিক নাগরিকদের হত্যা ও আহত করা হয়েছে। সংস্থাটির পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নিকোলাস বেকুলিন বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহারে নৃশংসতা চালানো নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভের দুই বছরেরও কম সময়ে মিয়ানমার সেনাবাহিনী আবারও রাখাইন রাজ্যের নৃগোষ্ঠীগুলোর ওপর ভয়াবহ নির্যাতনে নেমেছে।’