বিশ্বকাপের প্রথম ম্যাচেই যে রেকর্ড গড়লেন মর্গান

নিজেদের মাঠে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে উড়ছে ইংল্যান্ড। ম্যাচটির মধ্য দিয়ে রেকর্ড বইয়েও নাম লেখালেন দলটির অধিনায়ক ইয়ন মর্গান। প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের হয়ে দুইশো ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

বৃহস্পতিবার কেনিংটন ওভালে প্রোটিয়াদের ১০৪ রানে হারিয়ে বিশ্বকাপে শূভ সূচনা করে ইংল্যান্ড। ৩১২ রান তাড়ায় ২০৭ রানে গুঁড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

ম্যাচটির মধ্য দিয়ে ইংল্যান্ডের হয়ে দুইশোতম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মর্গান। মিডল অর্ডার এই ব্যাটসম্যান অবশ্য ক্যারিয়ারে মোট ওডিআই খেলেছেন ২২৩টি। এর মধ্য ২৩টি ওডিআই খেলেছেন আয়ারল্যান্ডের হয়ে।

বিশ্বকাপের ঠিক আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাবেক ইংলিশ ক্রিকেটার পল কলিংউডকে টপকে গিয়েছিলেন মর্গান। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি (১৯৭) ওয়ানডে খেলার রেকর্ডটি ছিল কলিংউডের দখলে। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ওয়ানডের চারটিতে খেলেই কলিংউডকে টপকে গিয়েছিলেন মর্গান। বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের হয়ে ওডিআই ম্যাচ খেলায় ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি।

শুধু তাই নয়, এদিন ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে জয়ের সাক্ষী হয়ে থাকলেন মর্গান। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে দেশের হয়ে ১৯৯টি ওয়ানডের মধ্যে ১১৩টি ওয়ানডে জয়ের সাক্ষী ছিলেন তিনি। প্রোটিয়াদের হারিয়ে ২০০টি ম্যাচের মধ্যে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ১১৪টি ওয়ানডে জয়ের সাক্ষী হলেন মর্গান।

ম্যাচটিতে আরো একটি মাইলফলক স্পর্শ করেছেন মর্গান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৭ রানের ইনিংস খেলার মধ্যে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। ওয়ানডেতে তার মোট রান এখন ৭ হাজার ৩৪। এর মধ্যে ৭৪৪ রান করেছেন আয়ারল্যান্ডের হয়ে।