'উত্তরণ ফাউন্ডেশন'র পক্ষ থেকে ঝিনাইদহ জেলার ১৬০ বেদে পরিবারের মাঝে রমজান ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার কালিগঞ্জ থানা প্রাঙ্গনে ঝিনাইদহ জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম আনার।
এতে বিশেষ হিসেবে ছিলেন, মো. হাসানুজ্জামান পিপিএম, পুলিশ সুপার, ঝিনাইদহ; মো. গোলাম রব্বানী শেখ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, যশোর; এম এম মাহবুব হাসান, সমন্বয়কারী, উত্তরণ ফাউন্ডেশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুচ আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কনক কুমার দাস এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সিডিপি’র ঝিনাইদহ এরিয়া কোর্ডিনেটর মো. হাবিবুর রহমান।
'ইচ্ছা ফাউন্ডেশন' ইউএসএ’র সহযোগিতায় এবং 'আল-ইমদাদ ফাউন্ডেশন'র ব্যবস্থাপনায় রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে প্রতিটি পরিবারকে প্রায় এক মাসের খাদ্য সহায়তা হিসিবে ১৫ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি তেল, দুই কেজি ছোলা, দুই কেজি চিনি, দুই কেজি খেজুর, দুই কেজি আটা, দুই কেজি সেমাই, এক কেজি গুড়া দুধ, দুই কেজি লবণ, দুই কেজি চিড়া এবং এক প্যাকেট ট্যাংক পাউডারসহ পরিবার প্রতি মোট ৩৩.৫০ কেজি খাদ্য বিতরণ করা হয়।
পুলিশ কর্মকর্তা ডিআইজি জনাব হাবিবুর রহমান ঢাকা জেলার পুলিশ সুপার থাকাকালীন সাভারে বসবাসরত পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নকল্পে ২০১৪ সালে উত্তরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।
বিশেষ করে সাভারে বেদে নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ, বেদে নারীদের জন্য গার্মেন্টস স্থাপন, বেকার বেদে যুবকদের জন্য ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা, বেদে পল্লীর বাসিন্দাদের জন্য আবাসিক প্রকল্প গ্রহণ, মসজিদ নির্মাণ, রাস্তাঘাট সংস্কার, প্রাইমারি স্কুলের জন্য জায়গা বরাদ্দ নেয়া, বাল্যবিবাহ নিরোধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ, মাদকমুক্ত বেদে পল্লী গড়ে তোলার উদ্যোগ, বেদে শিশুদের জন্য শিক্ষালয় ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনসহ নানা কার্যক্রম গ্রহণ করেন।
সাভার বেদে পল্লীর সাফল্যকে কাজে লাগিয়ে তিনি মুন্সীগন্জের লৌহজং থানাধীন খড়িয়াতে বেদে শিশুদের জন্য গড়ে তুলেছেন স্কুল ও কম্পিউটার সেন্টার, লৌহজংয়ের বেদে নারাীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গার্মেন্টস স্থাপনের প্রকল্প হাতে নিয়েছেন।