রাজার পালঙ্ক উপরে রেখে ‘ফ্লোরে ঘুমান’ ডিসি

রাজা সীতারাম রায়ের স্মৃতিচিহ্ন ও ৩০০ বছরের প্রাচীন একটি পালঙ্ক মাগুরার জেলা প্রশাসক আলী আকবর ‘মেরামত ও রঙ করিয়ে’ ব্যবহার করছেন বলে জানা গেছে। যদিও তিনি দেশ রূপান্তরের কাছে বিষয়টি অস্বীকার কছেনে।

দেশের ইতিহাস ঐতিহ্যের স্মারক প্রাচীন এই পালঙ্কে জেলা প্রশাসকের ঘুমানো নিয়ে শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে এ খবরকে মিথ্যা দাবি করে জেলা প্রশাসক আলী আকবর বলেছেন, তিনি রাজার পালঙ্কে নয়, বরং ফ্লোরে ঘুমান।

১৬৮৬ সালে সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন সীতারাম রায়। প্রতাপশালী এই রাজার রাজত্বের সীমারেখা ছিল উত্তরে পাবনা এবং দক্ষিণে সুন্দরবন পর্যন্ত। মাগুরার মহম্মদপুরে তিনি গড়ে তোলেন নিজের রাজধানী। এখনও কীর্তি হিসেবে এখানে রয়েছে সেই আমলের রাজপ্রাসাদ, কাচারিবাড়ি, দোলমঞ্চসহ আরও অনেক নিদর্শন। রাজত্বকালে সীতারাম রায় গড়ে তোলেন অস্ত্র তৈরির কামারশালা। প্রত্নতাত্ত্বিক অধিদফতর রাজা সীতারাম রায়ের রাজপ্রাসাদ এবং দোলমঞ্চটি সংস্কার করলেও কালের বিবর্তনে রাজপ্রসাদ থেকে হারিয়ে গেছে মূল্যবান অনেক সামগ্রী।

স্থানীয় সূত্র জানায়, যে পালঙ্কে রাজা বিশ্রাম নিতেন সেটি দীর্ঘদিন ধরে মাগুরা জেলা প্রশাসনের ট্রেজারিতে রাখা ছিল। নতুন ভবন নির্মাণ এবং সংস্কার কাজের সুবিধার জন্যে এটি বিভিন্ন সময় ট্রেজারি থেকে রেকর্ডরুমের স্তূপে এবং জিমখানার অন্যান্য অব্যবহৃত উপকরণের পাশে জায়গা পেয়েছে।

মাগুরা জেলা প্রশাসনের নেজারত, ট্রেজারি এবং রেকর্ডরুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি রাজা সীতারামের সেই পালঙ্কটি মাগুরার এনডিসি রাজিব চৌধুরীর সহায়তায় জেলা প্রশাসকের বাসভবনে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে রাজিব চৌধুরী বলেন, ‘সীতারামের একটি মূল্যবান পালঙ্কের কথা শুনেছি। কিন্তু এখন সেটি কোথায় ও কীভাবে আছে তা আমার জানা নেই।’ পালঙ্কটি ডিসির বাসায় কেন নিয়ে যাওয়া হয়েছে প্রশ্নে তিনি কোনও উত্তর দেননি।

তবে পালঙ্কটি দীর্ঘদিন জেলা প্রশাসনের রেকর্ডরুমে সংরক্ষিত ছিল বলে জানিয়েছেন এই বিভাগের ভারপ্রাপ্ত সাবেক কর্মকর্তা সহকারী কমিশনার মোহাম্মদ ইসাহাক আলী। রেকর্ডরুমের বর্তমান দায়িত্বে থাকা কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, ‘আগে রেকর্ডরুমে থাকলেও এখন পালঙ্কটি সেখানে নেই। কেন নেই সেটি জানি না।’

এ ব্যাপারে জানতে চাইলে মাগুরার জেলা প্রশাসক আলী আকবর বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, ‘পালঙ্কটি দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকের বাংলোতেই রয়েছে। আমার এটি আনার প্রশ্নই ওঠে না। বরং পালঙ্কটি নষ্ট হয়ে যাচ্ছিল। তাই আমি মেরামত ও রঙ করিয়েছি।’

প্রত্নতাত্ত্বিক একটি নিদর্শণ যথাযথ কর্তৃপক্ষ ছাড়া তিনি মেরামত ও রঙ করাতে পারেন কিনা, তা জানতে চাইলে মাগুরার ডিসি দেশ রূপান্তরকে বলেন, ‘পালঙ্কটি আমি মেরামত ও রঙ করাই নি।

পালঙ্কটি কেন জাদুঘরে পাঠানো হয়নি, এ প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক বলেন, ‘আমার আগের জেলা প্রশাসক প্রত্নতত্ত্ব অধিদফতরকে এটি গ্রহণ করার জন্য লিখিতভাবে জানিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত তারা এটি গ্রহণ করেনি। এই মূল্যবান সম্পত্তি প্রত্নতত্ত্ব বিভাগ গ্রহণ না করলে আমি কি সেটা রাস্তায় ফেলে দেবো? জেলা প্রশাসক হিসেবে পালঙ্কটি সযত্নে সংরক্ষণের স্বার্থেই আমি আমার দায়িত্ব পালন করছি।’

রাজার পালঙ্কে ঘুমানোর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ছাত্রজীবন থেকেই আমার ফ্লোরে ঘুমানোর অভ্যাস। এখনও আমি ফ্লোরেই ঘুমাই। রাজার পালঙ্কে ঘুমানোর প্রশ্নই ওঠে না।’