স্বামীর নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

কিশোরগঞ্জের ভৈরবে যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে রিয়া বেগম তানিয়া (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ স্বজনদের। শুক্রবার উপজেলার আগানগর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওইদিন বিকেলে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে উপজেলার আগানগর ইউনিয়নের রাধানগর গ্রামের তাহের মিয়ার মেয়ে তানিয়ার সঙ্গে একই ইউনিয়নের জগমোহনপুর গ্রামের কাউসারের বিয়ে হয়। বিয়ের কদিন পরই যৌতুকের দাবিতে কাউছার মিয়া তানিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। এই নিয়ে দুই পরিবারের মাঝে টানাপোড়েন লেগেই থাকতো। প্রায়ই তানিয়া রাগ করে বাবার বাড়ি চলে যেতেন। মেয়ের সুখের জন্য বেশ কয়েকবার সাধ্য অনুযায়ী দাবি পূরণও করেন তানিয়ার পরিবার।

সর্বশেষ রাগ ভেঙে তানিয়া বাবার বাড়ি থেকে বৃহস্পতিবার স্বামীর বাড়ি আসেন। বাড়ি আসার পর কাউসার ওইরাতেই যৌতুকের জন্য তাকে মারধর করে বলে পরিবারের অভিযোগ। স্বামীর এ নির্যাতন সহ্য করতে না পেরে শুক্রবার সকালে গলায় দড়ি পেঁচিয়ে ঘরের আড়ার (ধর্ণা) সঙ্গে ঝুলে আত্মহত্যা করে তানিয়া।

ভৈরব থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন জানান, খবর পেয়ে তিনি গৃহবধূর ঘরের আড়া থেকে ঝুলন্ত লাশ নামিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসেন। সন্ধ্যায় লাশের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, মর্গ থেকে লাশ আসলে দাফন কাফনের পর মামলা দায়ের করা হবে বলে নিহত গৃহবধূর পরিবার জানিয়েছে। তবে অভিযুক্ত স্বামী কাউসারকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।