নিজেদের দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে ‘বিশ্বাস ভঙ্গে’র অভিযোগ তুলে মামলা করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
এ সংক্রান্ত এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গুগলের সার্চসহ কয়েকটি ব্যবসার কৌশল তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে দ্য জাস্টিস ডিপার্টমেন্ট (ডিওজে)।
ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের অপব্যবহার নিয়ে গুগল এবং ফেসবুকের মতো প্রতিষ্ঠান বেশ কয়েক বছর ধরে সমালোচনার মুখে। একজন অনলাইন ব্যবহারকারী কী পছন্দ করেন, কোন ওয়েবসাইটে ঢুঁ মারেন, সেখানে কতক্ষণ থাকেন, কাদের সঙ্গে কথা বলেন-এসব তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞাপনদাতাদের কাছে পাঠায় প্রতিষ্ঠানগুলো।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন থেকে এর আগেও গুগলের নামে ‘অবিশ্বাসে’র অভিযোগ তোলা হয়। ওই মামলা শেষ হয় ২০১৩ সালে। সেবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরও তারা তাদের ব্যবসার কিছু ধরন পরিবর্তন করতে রাজি হয়।