বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত হতে চলছে: তোফায়েল

সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমানে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত হতে চলছে। আগে যেমন অনেক গরিব মানুষ ছিল খেতে পারত না এখন আর সে অবস্থা নেই। এখন সবাই পেট ভরে খেতে পারে।

ভোলা পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে শনিবার দুপুরে ভোলার শহরের ওয়াদুল হক মহাবিদ্যালয় মাঠে ঈদ উপলক্ষে হতদরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোলা পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজুর সভাপতিত্বে তোফায়েল আহমেদ আরও বলেন, এবারের বাজেটে আমরা ৯৩ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করেছি। আগে বাংলাদেশে দারিদ্র্যের সংখ্যা ছিল শতকরা ৪৪ জন। এখন বর্তমানে তা কমে দাঁড়িয়েছে শতকরা ২০/২১ জন। এবং হতদরিদ্রের সংখ্যা বর্তমানে ১১ জনেরও কম। মানুষের অবস্থা বর্তমানে ভালো হচ্ছে। আগে নিষেধাজ্ঞাকালীন সময় জেলেদের ৪০ কেজি করে চাল বিতরণ করা হতো । বর্তমানে ৪৪ কেজি করে চাল বিতরণ করার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে। তার সরকারের আমলে ভোলায় ব্যাপক উন্নয়ন হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, তোফায়েল আহমেদের কন্যা তাসলিমা আহমেদ জামান মুন্নি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।