পাকিস্তান-শ্রীলঙ্কার চেয়ে ভালোই খেলল আফগানিস্তান

এশিয়ার দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কা নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে চূড়ান্ত হতাশা দিয়ে। তবে এই দুই দলের চেয়ে আফগানিস্তান ভালোই খেলল বলা চলে। পাকিস্তান ও শ্রীলঙ্কা যেখানে নিজেদের প্রথম ম্যাচে দেড় শ রানও করতে পারেনি, সেখানে আফগানিস্তান অস্ট্রেলিয়ার দারুণ বোলিংয়ের সামনে দুই শ পেরোল। খারাপ কি!

শনিবার বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০৮ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। ব্রিস্টলে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল দলটি। ৩৮.২ ওভারে তারা গুটিয়ে যায় ২০৭ রানে।

এদিনই দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ১০ উইকেটে হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। আগে ব্যাট করে ১৩৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। যা বিশ্বকাপের ইতিহাসে কিউইদের বিপক্ষে তাদের সর্বনিম্ন রানের রেকর্ড। আগের দিন ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হারা ম্যাচে ১০৫ রানেই গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপে পাকিস্তানের এটি দ্বিতীয় সর্বনিম্ন রান।

মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স তোপে দলীয় ৫ রানেই শুরুর দুই উইকেট হারিয়ে ফেলে আফগানরা। দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও হজরতউল্লাহ জাজাই ফিরেছেন ব্যক্তিগত শূন্য রানে।

তিন নম্বরে খেলতে নামা রহমত শাহ বেশ ভালো খেলেছেন। নাজিবুল্লাহ জাদরান পেয়েছেন ফিফটি। এ ছাড়া অধিনায়ক গুলবাদিন নাইব ও শেষ দিকে রশিদ খানের ঝড়ে দুই শ পেরোনো স্কোর পায় আফগানিস্তান।

শুরুতে স্টার্ক ও কামিন্সের আঘাতের পর অ্যাডাম জাম্পা ও মার্কাস স্টয়নিস যোগ দেন উইকেট উৎসবে। তাতে আফগানিস্তান কয়েকটি ভালো জুটির আভাস দিয়েও শেষ পর্যন্ত পেরে ওঠেনি।

রহমত শাহ ৬০ বলে ৬ চারে ৪৩ রান করেন। নাজিবুউল্লাহ জাদরান ৪৯ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৫১ রান। গুলবাদিন নাইবের ব্যাট থেকে এসেছে ৩১। রশিদ খান ১১ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৭ রান করেন।

অজিদের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা। ২ উইকেট নেন স্টয়নিস। স্টার্ক পেয়েছেন ১ উইকেট।