দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। লন্ডনের কেনিংটন ওভালে শুরু হতে যাওয়া ম্যাচটিতে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামতে যাচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজার দল।
টসের পর মাশরাফী বলেন, "আমরা অনেক আত্মবিশ্বাসী। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। এই উইকেটে আরো খেলা হয়েছে। এখানে ব্যাট করাটা ভালো হবে। আমরা কিভাবে ব্যাট করি সেটার উপর ম্যাচটি নির্ভর করবে। আর দলের সবাই ফিট আছে।"
দল দুটির মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ২০ বার মুখোমুখি হয়েছে তারা। এর মধ্যে ১৭টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা, তিনটি ম্যাচে জয় বাংলাদেশের। এর মধ্যে একটি জয় ২০০৭ বিশ্বকাপে। বাকি দুটি ২০১৫ সালের দ্বিপক্ষীয় সিরিজে।
এবারের লড়াইয়ে পুরো শক্তির দল নিয়ে নামতে পারছে না দক্ষিণ আফ্রিকা। তারকা পেসার ডেল স্টেইনকে পাচ্ছে না তারা। এক ক্রিস মরিস ছাড়া আর কোনো ব্যাকআপ পেসারও নেই। কাগিসো রাবাদাকেই পেস আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের ১০৪ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে যে করেই হোক ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে তাদের। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থেকে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে মাশরাফীবাহিনী। বিশ্বকাপের ঠিক আগে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক আয়ারল্যান্ডকে উড়িয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বহুজাতিক সিরিজে প্রথম শিরোপা জয়ে মাশরাফীদের আত্মবিশ্বান ঢের বেড়েছে। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারের অস্বস্তিটুকু ছাড়া প্রস্তুতির একটা মাস অসাধারণই কেটেছে বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), এইডেন মারক্রাম, ফাফ দু প্লেসি, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলনার, জেপি দুমিনি, আন্দিলে ফেলুকোয়ায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও ইমরান তাহির।