ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় পারভীন বেগম (২৮) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বিকেলে পৌর শহরের মুন্সেফপাড়া মহল্লার ‘খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতাল’ নামে একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। পারভীন সদর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
শনিবার রাতে আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, শুক্রবার সকাল সাতটার দিকে প্রসববেদনা নিয়ে পারভীন খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। সকাল সাড়ে ১০টার দিকে ওই ক্লিনিকের পরিচালক ডা. ডিউক চৌধুরী পারভীনের সিজারিয়ান অস্ত্রোপচার করেন। পারভীন এক ছেলেসন্তানের জন্ম দেন। অস্ত্রোপচারের পর মা-ছেলে দুজনই সম্পূর্ণ সুস্থ ছিল। শনিবার বিকেলে তিনি স্ত্রী পারভীনকে খাইয়ে লাইলাতুল কদরের নামাজ পড়ার জন্য বাড়ির উদ্দেশে রওনা হন।
কিন্তু বিকেল সাড়ে পাঁচটার দিকে ক্লিনিক থেকে আলমগীরকে ফোন করে বলা হয় তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। দ্রুত তাকে ক্লিনিকে আসার জন্য বলা হয়। কিছুক্ষণ পর আবার ফোন করে বলা হয় পারভীন মারা গেছেন।
ভুল চিকিৎসায় পারভীনের মৃত্যুর অভিযোগ করে আলমগীর বলেন, ‘আমি ক্লিনিকে আসার আগেই তাড়াহুড়ো করে পারভীনের মরদেহ অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেয় ক্লিনিকের লোকজন।’ এ ঘটনায় তিনি ক্লিনিক কর্র্তৃপক্ষের শাস্তি দাবি করেছেন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. শাহ আলম বলেন, ‘খবর পেয়েছি। সোমবার (আজ) তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’