প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের পর মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেছেন।
প্রধানমন্ত্রী গতকাল রবিবার বাদ জোহর মদিনায় মসজিদে নববিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেন। এ সময় তিনি দেশবাসীর কল্যাণ এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও রওজা জিয়ারতে অংশ নেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ বিমানে স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে মক্কা থেকে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন
আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। মদিনার ডেপুটি গভর্নর ওয়াহিব আল-সাহলি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে শনিবার রাতে মক্কায় ওমরাহ পালন করেন। প্রধানমন্ত্রী প্রথমে পবিত্র কাবা ‘তাওয়াফ’ করেন এবং এরপর সাফা ও মারওয়ার মধ্যে সাঈ করে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় শেখ হাসিনা দেশবাসীর জন্য কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর অন্য সফরসঙ্গীরাও ওমরাহ পালন করেন।
ত্রিদেশীয় সফরের প্রথমে জাপানে চার দিনের সফর শেষে সৌদি বাদশাহর আমন্ত্রণে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত ৩১ মে শেখ হাসিনা সৌদি আরবে পৌঁছান। প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের দ্বিতীয় দিনে ১ জুন মক্কায় ওআইসির সম্মেলনে এশিয়া গ্রুপের পক্ষে বক্তব্য রাখেন। সৌদি আরবে চার দিনের সফর শেষে আজ ফিনল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১২ দিনের ত্রিদেশীয় সফর শেষে আগামী ৮ জুন দেশে ফেরার কথা তার। বাসস।