সরকারকে ফখরুল

অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচন বাতিল করুন। নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। গতকাল রবিবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ন্যাশনাল রিসার্চ সেন্টার (এনআরসি) আয়োজিত ‘আঁধারের সাথে দ্বন্দ্ব’ শীর্ষক স্মৃতিস্মারক ও দেয়ালিকা প্রদর্শনী উদ্বোধনকালে সরকারের উদ্দেশে এ কথা বলেন তিনি।

দেশের ‘সব অপকর্মের’ জন্য আওয়ামী লীগকে দায়ী করে মির্জা ফখরুল বলেন,

 

‘যত অপকর্ম এদেশে হয়েছে তার সমস্ত আওয়ামী লীগের দ্বারা হয়েছে। দুর্ভিক্ষ, চরম দুর্নীতি, গণতন্ত্রকে গলা টিপে হত্যা, সংবিধান কাটাছেঁড়াÑ এ সবই করেছে আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের শাসনামল আমরা দেখেছি। এই দলটার নেতারা বড় বড় কথা বলেন। এখন তো আরও বেশি সুবিধা কারণ তারা একাই কথা বলেন। আর অন্যদের কথা বলার সুযোগ নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এখন অত্যন্ত দুঃসময়, একটা সংকটকাল চলছে। এই সংকটকে অনেকে বলে বিএনপির সংকট। আসলে এটা বিএনপির কোনো সংকট নয়। এই সংকট জাতির। এই সংকট দেশের। ইতিমধ্যে বাঙালি জাতি তার সমস্ত অর্জন হারিয়ে ফেলছে।’

তিনি বলেন, ‘আজকের প্রজন্ম জিয়াউর রহমান সম্পর্কে কিছুই জানে না। যে বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, তাদের কাছ থেকে আমি শুনেছি সেখানে জিয়াউর রহমানকে ভিলেন হিসেবে, খলনায়ক হিসেবে দেখানো হয়। এটা অত্যন্ত সুপরিকল্পিত।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আজ যিনি গণতন্ত্রের সংগ্রামের জন্য কারাগারে আছেন তাকে মুক্ত করতে হবে। যারা জিয়াউর রহমানকে ভালোবাসি, তার রাজনীতিকে ভালোবাসি, জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে কারাবন্দি চেয়ারপারসনকে মুক্ত করা।’

এনআরসি সভাপতি বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য টিএস আইয়ুব, এনআরসির আল-আমীন প্রমুখ।