ঈদের আগেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দাবি করেছে গণফোরাম। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও দলটির সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া গতকাল রবিবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন তারা।
দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি আছেন। বিএনপির
পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন কারাবন্দি বিএনপির চেয়ারপারসনের মুক্তি দাবি করেন না। এমন প্রেক্ষাপটে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে দেওয়া বিবৃতিতে খালেদা জিয়ার মুক্তি দাবি করলেন তিনি।
ড. কামাল ও রেজা কিবরিয়া বিবৃতিতে বলেন, ‘ঈদের পূর্বেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি দাবি করছি। সঙ্গে সঙ্গে সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও পুলিশি নির্যাতন বন্ধের আহ্বান জানাচ্ছি। যাতে সবাই পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে পারে।’
দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে গণফোরামের বিবৃতিতে বলা হয়, ‘ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে জানাই ঈদ শুভেচ্ছা। দেশের সব সম্প্রদায়ের মানুষ সীমিত সাধ্যের মধ্যে মিলেমিশে ঈদ আনন্দ উপভোগ করে। এটাই আমাদের ঐতিহ্য, তা ভবিষ্যতেও বহমান থাকবে।’