দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবেশের গুরুত্বপূর্ণ রুট পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাট এবার অনেকটা নির্বিঘœ। তবে বৈরী আবহাওয়ার কারণে ফেরি বন্ধ থাকায় কিছুটা ভোগান্তির শিকার হয়েছেন ঘরমুখো মানুষেরা। গতকাল রবিবার ভোর থেকে বৃষ্টির কারণে এক ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। বাড়ে যানবাহনের চাপ।
আবহাওয়া স্বাভাবিক হলে সাড়ে
১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে প্রায় দুই ঘণ্টা ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পারাপারে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে তেমন কোনো চাপ ছিল না।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় লঞ্চ ও ফেরি সাময়িক বন্ধ করে দেওয়া হয়।
মুন্সীগঞ্জে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক সাফায়েত আহমদ জানান, ঘাটে যানবাহনের কোনো চাপ নেই। নির্দিষ্ট সময়ের মধ্যেই ঘাট থেকে যানবাহন বোঝাই করে ফেরি ছেড়ে যাচ্ছে। নৌরুটে এক থেকে সোয়া ঘণ্টার মধ্যে ফেরিগুলো গন্তব্যে পৌঁছে যাচ্ছে। যাত্রীবোঝাই যানবাহন কম থাকায় ফেরিতে পণ্যবোঝাই ট্রাক-কাভার্ড ভ্যান পারাপার করা হচ্ছে।
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, ঝড়ো হাওয়ার মুখে পদ্মা উত্তাল হয়ে উঠলে সকাল পৌনে ১১টার দিকে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এদিকে বৃষ্টির কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলেছে ধীরগতিতে। এক ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় পাটুরিয়ায় ফেরি পারাপারের যানবাহনের সংখ্যা বেড়েই চলছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, যাত্রীদের যাতায়াত নির্বিঘœ করতে ঘাট এলাকায় শৌচাগার স্থাপন, নিয়ন্ত্রণ কক্ষ, মেডিকেল টিম, মোবাইল কোর্ট টিম কাজ করছে। ঈদের আগে ও পরে কয়েকদিন গাড়ির চাপ একটু বেশি থাকবেই। তবে এ বছর যাত্রী দুর্ভোগ নেই বলে দাবি করেন তিনি।
মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে যানজট ও অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশসহ ৫ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছে।