টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মুফিজুর রহমান (৪১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, গত রবিবার মধ্যরাতে উপজেলার হোয়াইক্যং কাটাখালী এলাকার এ ঘটনায় নিহত মুফিজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি। তিনি ওই এলাকার গোলাম আকবরের ছেলে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান,

গ্রেপ্তার মফিজকে নিয়ে মাদক উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। হামলাকারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মফিজকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, বন্দুকযুদ্ধে এএসআই ওয়াহেদ, কনস্টেবল মনির হোসেন ও রুবেল মিয়া আহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।