কুমিল্লায় ছুরি মেরে যুবককে হত্যা

কুমিল্লায় ছুরিকাঘাতে মামুনুর রশীদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শহরের উত্তর কালিয়াজুরী কোরেরপাড় এলাকায় গতকাল সোমবার ইফতারের আগমুহূর্তে এ ঘটনা ঘটে। এ সময় কামাল হোসেন (৩০) নামের আরেকজন আহত হয়েছেন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা

দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত মামুনুর রশীদের খালাতো ভাই মো. রিপন জানান, গতকাল ইফতারের আগে স্থানীয় শহীদুল ইসলাম (৪০) কামালের মুদিদোকানে এসে ৩০০ টাকা চাঁদা চায়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে শহীদুল তাকে ছুরিকাঘাত করে। এ সময় কামালের চিৎকার শুনতে পেয়ে পাশে দাঁড়িয়ে থাকা মামুন এসে কামালকে বাঁচানোর চেষ্টা করলে শহীদুল তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পেটে ও বুকে ছুরিকাঘাতে মামুন ঘটনাস্থলেই মারা যায়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মো. সালাহউদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে হত্যায় শহীদুলের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাকে শিগগিরই আটক করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করে নিহত মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।