স্মার্টফোনে এই যুগে বইয়ের প্রতি আকর্ষণ ছুটে যাচ্ছে মানুষের। এক সময় অল্প বয়স থেকেই বই পড়ার অভ্যাস শুরু হতো, সেটি অনেকাংশেই কমে গেছে এখন।
স্মার্টফোন পেয়ে যান্ত্রিকতার এক জগতে ঢুকে পড়ছে সন্তানেরা। বাবা-মায়ের সঙ্গে ঠিকঠাক কথাবার্তা বা যোগাযোগেও পড়ে ঢিল।
এ জন্য বই পড়ার বিকল্প নেই বলে এক গবেষণায় দেখা গেছে। এ নিয়ে একটি প্রবন্ধ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের জার্নাল অব ডেভেলপমেন্ট অ্যান্ড বিহেইভিরাল পেডিয়াট্রিক্স।
এতে বলা হয়, বাচ্চাকে বই পড়িয়ে শোনালে বাবা-মায়ের সঙ্গে তাদের সম্পর্ক গাঢ় হয়। এ ছাড়া বইয়ের প্রতি ঝোঁকও বাড়ে বাচ্চাদের।
সন্তানের সঙ্গে একসঙ্গে বই পড়লে বাবা-মার মধ্যে ধৈর্য্যশক্তি বাড়ে। বাচ্চার কোনও দুষ্টুমিতে সহজে মেজাজ হারান না তারা। এছাড়া শিশুদের কল্পনার রাজ্যেও ঘুরে আসতে পারেন সহজে।
তাই স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপের বদলে বই তুলে দিন সন্তানদের হাতে। একসঙ্গে বই পড়ার সময় বরাদ্দ রাখুন প্রতিদিন। এর মধ্য দিয়েই সন্তানের আরও কাছাকাছি থাকা যাবে এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।