হতাশাজনক ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষেও হারের শঙ্কায় পড়েছিল শ্রীলঙ্কা। তবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বল হাতে জ্বলে উঠলেন নুয়ান প্রদীপ ও লাসিথ মালিঙ্গা। এই দুইয়ের বোলিং নৈপুণ্যে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিল লঙ্কানরা।
মঙ্গলবার কার্ডিফে আফগানিস্তানকে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩৪ রানে হারায় শ্রীলঙ্কা।
টস হেরে এদিন আগে ব্যাটিং পেয়েছিল লঙ্কানরা। মাঝে বৃষ্টি হানা দেওয়ায় ৪১ ওভারে নেমে আসে ম্যাচ। ৩৬.৫ ওভারে ২০১ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। বৃষ্টি আইনে আফগানিস্তানের সামনে ৪১ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১৮৭ রানের। দলটি ৩২.৪ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায়। প্রদীপ সর্বাধিক ৪টি ও মালিঙ্গা নিয়েছেন ৩ উইকেট। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন নুয়ান প্রদীপ।
লক্ষ্য তাড়া করতে নেমে হজরতউল্লাহ জাজাইয়ের ব্যাটে ভালো শুরুর ইঙ্গিত দেয় আফগানিস্তান। ৫ ওভার না পেরোতেই যোগ করে ফেলে ৩৪ রান। তবে ৭ রান করা মোহাম্মদ শাহজাদকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন মালিঙ্গা।
তখনও শ্রীলঙ্কার পক্ষে বাজি ধরার লোক আসলে কমই ছিল। কিন্তু পটাপট ৪ উইকেট তুলে নিয়ে আফগানদের কোণঠাসা করে ফেলে শ্রীলঙ্কা। ৫৭ রানে ৫ উইকেট হারানো দলটাকে মাথা তুলে দাঁড়াতেই দেননি প্রদীপ-মালিঙ্গারা। এই দুইয়ের সঙ্গে ইসুরু উদানা ও থিসারা পেরেরার একটি করে উইকেটও ছিল দারুণ কার্যকর। বিশেষ করে ১১ রান করা মোহাম্মদ নবীকে পেরেরার ফিরিয়ে দেওয়া। ৩০ রান করা জাজাইকে ফিরিয়েছিলেন প্রদীপ।
গুলবাদিন নাইব ও নাজিবুল্লাহ জাদরান ষষ্ঠ উইকেটে ৬৪ রান যোগ করেন। ২৩ রান করা নাইবকে ফেরান প্রদীপ। নাজিবুল্লাহ জাদরান নাটকীয় কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। তবে ৪৩ রান করে রান আউটে কাটা পড়তে হয় তাকে। নবম ব্যাটসম্যান হিসেবে তিনি ফিরতেই আফগানদের পরাজয় নিশ্চিত হয়।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দলীয় ৩৩ ওভারে ৮ উইকেটে ১৮২ রান করার পর বৃষ্টি হানা দেয়। ফের খেলা শুরু হলে ৩৬.৫ ওভারে ২০১ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। বৃষ্টি আইনে আফগানদের সামনে লক্ষ্য কিছুটা কমে আসে।
এদিন শ্রীলঙ্কা ব্যাটিংয়ে দারুণ শুরু পেয়েছিল। উদ্বোধনী জুটিতে অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরা যোগ করেন ৯২ রান। ৩০ রান করা করুনারত্নেকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মোহাম্মদ নবী।
এরপর লাহিরু থিরিমান্নেকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫২ রান যোগ করেন কুশল পেরেরা। কিন্তু ২২তম ওভারে ম্যাচ ঘুরিয়ে দেন নবী। এক ওভারেই তুলে নেন তিন উইকেট। তাতেই ধস নামে লঙ্কান ইনিংসে।
ওই ওভারে নবীর শিকার হয়েছেন থিরিমান্নে (২৫), কুশল মেন্ডিস (২) ও অ্যাঞ্জেলো ম্যাথুজ (০)। অন্য প্রান্তে আসা যাওয়ার মিছিলে একা লড়াই করছিলেন কুশল মেন্ডিস। তবে বৃষ্টির ঠিক আগে রশিদ খানের শিকার হয়ে ফেরেন তিনি। দলীয় সর্বোচ্চ ৭৮ রান আসে তার ব্যাট থেকে। ৮১ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন ৮ চারে।
আফগানদের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন নবী। ৯ ওভার বল করে খরচ করেছেন মাত্র ৩০ রান। ২টি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও দৌলত জাদরান।
নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরেছিল শ্রীলঙ্কা। আফগানদের এটি টানা দ্বিতীয় হার। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে হেরেছিল এশিয়ার দলটি।