মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীদের অভিযোগ

৪৪ ড্রাম তেল ফেলে দিয়েছেন কাউন্সিলর

বরিশালে ব্যবসায়ীদের দোকানের সামনে রাখা ৪৪টি ড্রাম কেটে জ¦ালানি তেল ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার আলম আজাদ মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গত বৃহস্পতিবার গভীর রাতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে ওই ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত দোকান বন্ধ রেখে পাতারহাট বন্দরের ব্যবসায়ীরা প্রতিবাদ জানায়।

পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সরোয়র আলম আজাদ জানান, বন্দরের ব্যবসায়ীরা দোকানের সামনে ড্রাম রেখে দীর্ঘদিন ধরে জ্বালানি তেল বিক্রি করে আসছেন। এতে বন্দরের পথে রিকশা-ভ্যান চলাচলে কিছুটা সমস্যা হতো। এ নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সোহেল মোল্লার সঙ্গে ব্যবসায়ীদের একাধিকবার বাদানুবাদ হয়। গত বৃহস্পতিবার রাতে কাউন্সিলর সোহেল মোল্লার নেতৃত্বে ড্রামগুলো কেটে জ্বালানি তেল ফেলে দেওয়া হয়েছে। এতে ১৫-২০ ব্যবসায়ীর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কাউন্সিলর সোহেল মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন।