ভুল করে বাড়ির ছাদে ওঠায় প্রতিবন্ধীকে নির্যাতন

কিশোরগঞ্জের তাড়াইলে চোর আখ্যা দিয়ে মোশারফ হোসেন (১৮) নামে এক প্রতিবন্ধী তরুণকে নির্যাতনের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবারের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, মোশারফ নামের ওই প্রতিবন্ধী তরুণের বাড়ি উপজেলার রাম শামুকজানি। তার বাবার নাম কেন্তু মিয়া। ঘটনার দিন ওই তরুণ পাশের গ্রাম দড়িজাহাঙ্গীরপুরের অবসরপ্রাপ্ত কাস্টম অফিসার মোখলেসুর রহমান খান শাহানের বাড়ির ছাদে উঠে নারকেলগাছে ওঠার চেষ্টা করছিল। এ সময় বাড়ির লোকজন মোশারফকে আটক করে। পরে মোখলেসুর রহমানের নির্দেশে তার ওপর নির্যাতন চালায় সাজ্জাদ হোসেন হিটলারসহ স্থানীয়রা।

সেদিনই মুঠোফোনে ধারণ করা নির্যাতনের একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়। ওই ভিডিওর সূত্র ধরে গতকাল শুক্রবার দুপুরে তাড়াইল থানা পুলিশের একটি দল সাজ্জাদ হাসান হিটলারকে আটক করে। হিটলার তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের মৃত নূর হোসেনের ছেলে। ভিডিওটিতে দেখা যায়, মোশারফ নামের ওই প্রতিবন্ধী তরুণের রশি দিয়ে বাঁধা দুই পা এক ব্যক্তি ধরে রেখেছে। সাজ্জাদ হাসান হিটলার লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন।

তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, ভিডিওটি তার নজরে আসার পরপরই অভিযান চালিয়ে সাজ্জাদ হাসান হিটলারকে আটক করেন। নির্যাতনের শিকার মোশারফের বড় ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।