জেলার মিঠামইনে কর্দমাক্ত জায়গায় ছোটদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে পানির ছিটা পড়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সংঘর্ষে দীন ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষে কয়েকজন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার কাটখাল ইউনিয়নের হাসিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দীন ইসলাম হাসিমপুর গ্রামের প্রয়াত আবদুল মজিদের ছেলে।
আহত ব্যক্তিদের মধ্যে গিয়াস উদ্দিন (৫০) ও জাহের মিয়া (৪৫) নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গত বৃহস্পতিবার বিকেলে ছোটদের ফুটবল খেলার সময় এক নারীর শরীরে পানির ছিটা পড়ে ছিল। এই ঘটনা নিয়ে মাঠেই ঝগড়া হয়। এর জেরে গতকাল সকালে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে বল্লমের আঘাতে ঘটনাস্থলেই দীন ইসলামের মৃত্যু হয়।
মিঠামইন থানার ওসি জাকির রব্বানী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।