জামালপুরে মানববন্ধন

নদী দখলমুক্ত বালু উত্তোলন বন্ধের দাবি

জামালপুরের ব্রহ্মপুত্র নদসহ বিভিন্ন নদ-নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ব্রহ্মপত্র নদের পাড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলন ও সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমাজকর্মী উৎপল কান্তি ধর, শিক্ষাবিদ আমির উদ্দিন, সমাজকর্মী এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, সাংবাদিক সাজ্জাদ আনসারী, লুৎফর রহমান, শোয়েব হোসেন, ফজলে এলাহী মাকাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জামালপুরের বিভিন্ন নদ-নদী থেকে প্রভাবশালীরা বালু উত্তোলন করায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ছাড়া ভূমিদস্যুরা নদী দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। এসব বিষয়ে বিভিন্ন সময় নানা সামাজিক সংগঠন আন্দোলন করলেও প্রশাসন তেমন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন তারা। বক্তারা অবিলম্বে জামালপুরের নদ-নদী রক্ষায় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।