বিশ্বকাপে তিন ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নেয় টাইগাররা। এরপর নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে হার। তিনটি ম্যাচেই একই একাদশ নিয়ে খেলেছে টাইগাররা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ।
শনিবার কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর রোববারই শ্রীলঙ্কা ম্যাচের ভেন্যু ব্রিস্টলে পৌঁছে বাংলাদেশ। যেখানে পৌঁছেই শ্রীলঙ্কা ম্যাচের পরিকল্পনা সাজাতে হচ্ছে। তবে এদিন প্র্যাকটিস ছিল না টাইগারদের। ব্রিস্টলের ছিল বৃষ্টি।
সব ঠিক থাকলে সোমবার প্র্যাকটিস করবে টাইগাররা। আর এদিনই চূড়ান্ত হবে শ্রীলঙ্কা ম্যাচের একাদশ। তবে যতটুকু খবর, তাতে অন্তত একটি পরিবর্তন নিশ্চিত। এমনকি দ্বিতীয় জয়ের সন্ধানে থাকা বাংলাদেশ দলে আসতে পারে দুটি পরিবর্তনও।
প্রথম তিন ম্যাচে ব্যর্থ মোহাম্মদ মিঠুন একাদশে জায়গা হারাচ্ছেন বলে খবর। তার জায়গায় লিটন দাস আসবেন একাদশে। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে এক ম্যাচ খেলার সুযোগ পেয়েই ৭৬ রানের ইনিংস খেলেছিলেন। এরপর ভারতের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে করেন ৭৩ রান।
ওদিকে মিঠুন তিন ম্যাচে সুযোগ পেয়ে করেছেন ৪৭ (২১, ২৬, ০)। লিটনকে জায়গা দিতে তাই সরে যেতে হচ্ছে তাকে। এদিকে সিমিং কন্ডিশনের কথা মাথায় রেখে ব্রিস্টলে চার পেসার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে রুবেল হোসেন আসবেন একাদশে। আর তা হলে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকে একাদশের বাইরে চলে যেতে হবে।