বৃষ্টি কমবে উত্তরে বাড়বে দক্ষিণে

সপ্তাহ দুয়েক ধরে দেশের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই নিয়ম করে বৃষ্টি হলেও গতকাল রবিবার থেকে দেশের উত্তরাঞ্চল ও খুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমতে শুরু করেছে। তবে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক এলাকায় ব্যাপক বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী তিন দিনে উত্তরে বৃষ্টিপাত কমলেও চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে বৃষ্টিপাত বাড়বে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। এটি এখন টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। তাই টেকনাফসহ

 

 চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা, বরিশাল ও সিলেটে বৃষ্টি বাড়বে। ঢাকা ও ময়মনসিংহের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তবে উত্তরাঞ্চলে বৃষ্টি কমবে। বৃষ্টি কমায় উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা বাড়তে পারে। অন্যান্য এলাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল রাজশাহী বিভাগের কোথাও বৃষ্টি হয়নি। রংপুর বিভাগের মধ্যে কেবল তেঁতুলিয়ায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মোংলায় সামান্য বৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরিশালের খেপুপাড়ায় ৫০ মিলিমিটার। ময়মনসিংহের নেত্রকোনায় ৪৬ মিলিমিটার এবং চট্টগ্রামের টেনকনাফে হয়েছে ৪০ মিলিমিটার। এ ছাড়া রাজধানীতে হয়েছে ২৭ মিলিমিটার বৃষ্টি।

বৃষ্টি না হওয়ায় গতকাল রাজশাহী বিভাগে তাপমাত্রা বেড়েছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী সদরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। খুলনার চুয়াডাঙ্গায় ছিল দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি এবং রাজধানীতে ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসব এলাকায় তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।