বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলো বিশ্ব আর্থিক ব্যবস্থায় বড় ধরনের বিঘœ ঘটাতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ।
তিনি বলছেন, গুটি কয়েক কোম্পানি তাদের বিশাল তথ্যভাণ্ডার ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে বৈশ্বিক লেনদেনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
জাপানের ফুকুওকায় শনিবার জি টোয়েন্টিভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে সতর্ক করলেন আইএমএফপ্রধান।
লাগার্দ বলেন, গত পাঁচ বছরে চীনে প্রযুক্তি খাতে বিপুল প্রবৃদ্ধি হয়েছে এবং তাতে ফিন্যান্সিয়াল পণ্যের বাজার ও উচ্চমানের কর্মসংস্থান সৃষ্টিতে লাখ লাখ মানুষ সুবিধাপ্রাপ্ত হয়েছে। তবে এর মধ্য দিয়ে মোবাইলে লেনদেনের বাজারের ৯০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ দুটি কোম্পানির হাতে চলে এসেছে।