অর্থ অবমুক্তি ও বিল দাখিল সময়সীমা পুনর্নির্ধারণ

চলতি অর্থবছরের অর্থ অবমুক্তির নতুন সময়সীমা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। এই সময়ের মধ্যেই বিভিন্ন প্রকল্পে বরাদ্দের অর্থ অবমুক্তি ও বিল দাখিল করতে হবে। চলতি ২০১৮-১৯ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তি ও বিল দাখিল বিষয়ে গতকাল জারি করা পরিপত্রে অর্থ বিভাগ বলেছে, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির সময়সীমা ১৯ জুন। এর আগে গত ৩০ মে পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছিল মন্ত্রণালয়। পরিচালন ও উন্নয়ন উভয় খাতে নতুন ব্যয় বিল দাখিলের সময়সীমা ১২ জুন থেকে বাড়িয়ে ২০ জুন করা হয়েছে। পরিচালন ও উন্নয়ন উভয় খাতে ফেরত বিল দাখিল করতে হবে ২৩ জুনের মধ্যে, যা আগে ১৮ জুন নির্ধারিত ছিল। জেলা ও উপজেলা পর্যায়ে পরিচালন ও উন্নয়ন খাতে নতুন ও ফেরত বিল দাখিলের সর্বশেষ তারিখ ২৬ জুন নির্ধারণ করা হয়েছে।