অবশেষে সেই ১০ মিলিয়ন ছবির ডাটাবেজ বা তথ্য মুছে ফেলল মাইক্রোসফট। ছবিগুলো দিয়ে মানুষের মুখচ্ছবি শনাক্ত করা বা ফেসিয়াল রিকগনিশনের কাজ করা হতো।
এই ডাটাবেজটি প্রকাশ করা হয় ২০১৬ সালে। লাখ লাখ মানুষের অনলাইন ছবি দিয়ে সেটি তৈরি করা হয়েছিল।
পুলিশ এবং সেনাবাহিনী তাদের কাজে এই তথ্যভান্ডারটি ব্যবহার করতো বলে ধারণা করা হয়।
মাইক্রোসফটকে মার্কিন রাজনীতিবিদরা শনাক্তকরণের জন্যে আরো ভালো কোনো ব্যবস্থা সৃষ্টি করার কথা জানালে এই তথ্য মুছে ফেলার কাজটি করা হয়।
মাইক্রোসফট জানিয়েছে, এই তথ্যভান্ডার বা ডাটাবেজটি এখন আর একেবারেই পাওয়া সম্ভব নয়, কেননা যে ব্যক্তি এইসব ছবি যুক্ত করতেন তিনি চাকরি ছেড়ে চলে গেছেন।
গত বছর মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ মার্কিন কংগ্রেসকে এই মুখচ্ছবি বা চেহারা শনাক্তকরণের কাজের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। কেননা তাদের ভাষ্য অনুযায়ী এটির মাধ্যমে ব্যাপক সামাজিক জটিলতা ও অপব্যবহারের আশঙ্কা ছিল।
এর আগে যুক্তরাজ্যের পুলিশ তাদের নিজস্ব চেহারা শনাক্তকরণ পদ্ধতির জন্যে সমালোচিত হয়। অবশ্য মানুষ চিনতে সেটি খুব বেশি সক্ষম হয়নি।